প্রায় একবছর ধরে প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। কখনও গুজরাটের জামনগরে, তো কখনও ইতালিতে।
আগামী ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়ে। তার আগে ৫ জুলাই অনন্ত ও রাধিকার সংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পারফর্ম করতে ইতিমধ্যেই মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। বৃহস্পতিবার ভোররাতে ভারত পৌঁছেছেন তিনি। বিবার ছাড়াও অ্যাডেল, ড্রেক এবং লানা দেল রের পারফর্ম করার কথা রয়েছে এই আয়োজনে।
জানা গেছে, আম্বানিদের অনুষ্ঠানে গাইতে ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেবেন জাস্টিন বিবার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৭ কোটি টাকা।
শুক্রবার মুম্বাইয়ে আম্বানিদের প্রাসাদিক ভবন অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এরপর ১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন হবে বিবাহোত্তর সংবর্ধনা।
মুম্বাইয়ে জাস্টিন বিবার, গাইবেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে