রাম মন্দির নিয়ে নতুন সিদ্ধান্ত 

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে গড়া হয়েছে রাম মন্দির। সেই মন্দিরে এবার বদলে যাচ্ছে পুরোহিতদের পোশাক। এত দিন মন্দিরের পুরোহিতরা গেরুয়া রঙের পোশাক পরতেন। এ বার তাদের পরতে হবে হলুদ রঙের পোশাক। তবে কেবল রঙেই নয়, বদল আসছে পোশাকের ধরনেও। বুধবার পোশাকবিধি নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এত দিন রামমন্দিরের পুরোহিতরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি এবং ধুতি পরতেন। এ বার তাদের পরতে হবে হলুদ রঙের ধুতি, চৌবন্দি এবং পাগড়ি। মন্দির প্রশাসন সূত্রে খবর, কুর্তা আর চৌবন্দির মধ্যে ফারাক হলো, প্রথমটি বোতাম আটকে পরতে হয় আর দ্বিতীয়টি দড়ি বেঁধে। নতুন বিধিতে বলা হয়েছে, পুরোহিতদের এ বার পায়ের গোছ পর্যন্ত ধুতি পরতে হবে। এত দিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা ছিল না।

মন্দির কর্তৃপক্ষের একটি সূত্র মারফত আরও জানা গিয়েছে, নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনো পুরোহিত। সম্প্রতি মন্দিরের ভেতরের কিছু ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। তার পরেই ফোন নিয়ে কড়াকড়ির পথে হাঁটার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।

রামমন্দিরে বর্তমানে এক জন প্রধান পুরোহিতের সঙ্গে রয়েছেন চার জন সহযোগী পুরোহিত। মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছেন, সহযোগী পুরোহিতদের প্রত্যেকের সঙ্গে থাকবেন এক জন করে শিক্ষানবিশ পুরোহিত। পুরোহিতদের কাজ শুরু হবে ভোর সাড়ে ৩টায়, শেষ হবে রাত ১১টায়। পুরোহিতদের এক একটি দলকে দিনে পাঁচ ঘণ্টা মন্দিরের কাজে নিযুক্ত থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত