স্কুলের মধ্যাহ্ন বিরতিতে সহপাঠীদের সঙ্গে নদীতে সাঁতার কেটে বাড়ি যাওয়ার সময় এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৬ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্র ওই গ্রামের উজ্জল এর ছেলে আবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবির। স্কুলের মধ্যাহ্ন বিরতিতে সহপাঠীদের সঙ্গে টিফিন খেতে বাড়িতে যাওয়ার সময় নদী পার হতে সাঁতার দেন আবির। সাঁতারের একপর্যায়ে নদীর মাঝখানে গেলে পানির স্রোতে তলিয়ে যান তিনি।
এরপর তার নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে জাল ফেলে খুঁজতে থাকে। কোনো সন্ধান না পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা অনেক চেষ্টার পরে বিকেল ৪ টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে মরদেহ উদ্ধারের পর থেকে তার পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
রবিবার সারা দেশে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লক’ কর্মসূচি