বিয়ের ফুল ফুটাতে সালমানের গায়ে হলুদের ছোঁয়া!

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম

আর দুই দিন পরেই গাঁটছড়া বাঁধছেন অনন্ত অম্বানী ও তার ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্ট। তাদের এই ‘ম্যারাথন’ বিবাহের সাক্ষী থাকছে গোটা ভারত। গতকাল ৮ জুলাই হয়ে গেল তাদের গায়েহলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দেখা গেছে বলিউডের একাধিক তারকাকে। কিন্তু সব থেকে বেশি নজর কাড়ল যিনি তিনি বলিউডের ভাইজান সালমান খান।

স্বভাবসুলভ ভঙ্গিতে গায়েহলুদের অনুষ্ঠানে কালো পাঠান কুর্তা আর ঢোলা পাজামা পরেই এসেছিলেন ‘সিকান্দার’ সালমান। সেই সময় তার ছবিও তোলেন উপস্থিত চিত্রসাংবাদিকেরা। ভিতরে অবশ্য তাদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু ভাইজান যখন বেরিয়ে আসেন, দেখা যায় একেবারে হলুদে মাখামাখি তিনি। এমনকি তার কালো কুর্তা কখন বদলেও ফেলেছেন তিনি ভিতরে! হলুদ কুর্তা পরে নিজের সাদা গাড়িতে চড়ে ফিরে যান তিনি।

কিন্তু এটুকুই তো সব নয়, সালমানের গায়ে হলুদের ছোঁয়া বলে কথা। বলিউডের সব থেকে উপযুক্ত অব্যূঢ় নায়কের গায়ে বিয়ের হলুদ পড়তেই হইহই শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে। এক সংবাদমাধ্যমের তরফে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সালমানের হলুদ মেখে বেরিয়ে যাওয়ার ভিডিও। সেই পোস্টেই ভক্তেরা লিখতে শুরু করেছেন, এভাবে গায়ে হলুদ মেখে বেরিয়েছেন, এবার যদি সত্যিই সালমানের একটা ‘হিল্লে’ হয়ে যায়!

তবে শুধু সালমান নন, রণবীর সিংকেও প্রায় একই রকম পোশাকে হলুদে মাখামাখি অবস্থায় বের হতে দেখা যায়। রণবীর কিন্তু আসার সময় হলুদ কুর্তা পরেই এসেছিলেন। ভিতরে অবশ্য তিনিও বদলে ফেলেন পোশাক। রণবীরের মুখে, চুলেও হলুদ লেগেছিল। হলুদ মাখামাখি অবস্থায় ছিলেন সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত