পাকা সড়ক খুঁড়ে যুবলীগ নেতার ড্রেজার পাইপ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:০৭ পিএম

শরীয়তপুরের রুদ্রকরে একটি গ্রামীণ পাকা সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ বসানো হয়েছে। এতে সড়কটি দেবে গিয়ে ভেঙে পড়ার আশংঙ্কা দেখা দিয়েছে। এদিকে ড্রেজারের মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়দের কথার তোয়াক্কা করছেন না তিনি। তবে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রেজার মাধ্যমে বালুর ব্যবসা করে আসছেন রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতি মান্নান খান। তিনি নদী থেকে বালু কিনে ড্রেজারের পাইপের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চর সোনামূখী দক্ষিণ এলাকার একটি পাকা গ্রামীণ সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ বসায় শ্রমিকরা। এতে স্থানীয়রা অনেকে নিষেধ করলেও তারা তা শুনেননি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাটিতে রয়েছে এলজিইডির একটি পাকা সড়ক। সেই সড়কের ৩০ ফুট দৈর্ঘ্য নিয়ে কমপক্ষে ২০ ইঞ্চি গর্ত খুঁড়ে একটি ড্রেজারের পাইপ বসানো হয়েছে। সড়কের উপর দিয়ে গর্ত খোঁড়ার ফলে সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা গর্ত খোঁড়া দেখে প্রথমে শ্রমিকদের নিষেধ করি। কিন্তু তারা আমার কথা শুনেনি। উল্টো কাজ চালিয়ে গিয়েছেন। এমনিতেই বর্ষা মৌসুম, এই অবস্থায় রাস্তাটি খোড়ার ফলে ভেঙে যেতে পারে। 

এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী মান্নান খান বলেন, আমরা প্রথমে আইলেন করে ড্রেজারের পাইপ বসিয়েছিলাম। পরে এতে অনেক গাড়ি এক্সিডেন্ট হয়। তাছাড়া রাস্তাটি পুরাতন ও ভাঙাচোরা দেখে গর্ত খুঁড়ে পাইপ বসিয়েছি। যাতে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকে। তবে এ বিষয়ে কারো কাছ থেকে অনুমতি নেইনি।

শরীয়তপুরসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে ড্রেজারের পাইপ বসানোর কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত