হাথুরুর ‘বড় রিপোর্ট’ পাপনের হাতে

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:৪৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফর্মেন্সের বিষয়ে কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং টিম ম্যানেজারের রিপোর্ট এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে। তবে এখনও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার রিপোর্ট বোর্ড প্রধানকে দেননি। পাপন জানিয়েছেন, সব রিপোর্ট পড়ে দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গত মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, “প্রথম কথা হচ্ছে, অধিনায়কের কোনো রিপোর্ট আমি পাইনি। রিপোর্ট এখনও পর্যন্ত আমি পাইনি। দিস ইজ নাম্বার ওয়ান। ম্যানেজারের রিপোর্ট আমি পেয়েছি। খুব সম্ভবত গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের। এটা এখনও আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব। এই দুইটা জানি।”

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন কোনো তদন্ত কমিটি হয়নি। তবে দায়িত্বশীলদের রিপোর্ট নিয়ে এখনই গণমাধ্যমে কথা বলতে নারাজ পাপন, “ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে। আলাপ হয়েছে। এখন সবগুলো রিপোর্ট না পড়ে বোর্ডের সাথে আলোচনা না করে আমি বাইরে কথা বলতে পারব না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত