বাবার বিদায়ী টেস্টের ঘণ্টা বাজালেন মেয়ে

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

ইংলিশ পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের শুরু হলো। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের তীর্থ লর্ডসে জেমস অ্যান্ডারসনের শেষের শুরুটা স্মরণীয় করে রাখল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

২১ বছর আগে এই লর্ডসেই অ্যান্ডারসনের লাল বলে যাত্রা শুরু হয়েছিল। এখানেই ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন ১৮৮তম টেস্ট খেলতে নামা কিংবদন্তি পেসার। ম্যাচ শুরুর আগে লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অ্যান্ডারসনের পরিবারকে।

এদিন লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে উপস্থিত ছিলেন অ্যান্ডারসনের বাবা মাইকেল, মা ক্যাথেরিন, স্ত্রী ড্যানিয়েলা। ম্যাচ শুরুর আগে 'ফাইভ-মিনিট বেল' বাজিয়ে বাবার বিদায়ী টেস্টের সূচনা করেন অ্যান্ডারসনের দুই মেয়ে লোলা ও রুবি। এ সময় মাঠে দাঁড়ানো অ্যান্ডারসনের মুখে দেখা যায় হাসি। 

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজিক যোগাযোগমাধ্যমে। গোটা ক্রিকেটবিশ্বই উন্মুখ হয়ে আছে একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট শিকারী জিমির শেষ টেস্ট দেখতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। জিমি যখন মাঠে নামছিলেন, গোটা গ্যালারি দাঁড়িয়ে তুমুল করতালি আর হর্ষধ্বনির মাধ্যমে তাকে বরণ করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত