ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রী শাহরুল ইয়াসিন লিম্পোকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন জাকার্তার একটি আদালত। প্রায় ২৭ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, সাবেক মন্ত্রীকে সাড়ে ১৮ হাজার ডলার জরিমানা বা চার মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, লিম্পো তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে অর্থ পাঠানোর আদেশ দিয়েছিলেন। এসব অর্থের কিছুটা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছিল। নাসডেম পার্টির এই রাজনীতিবিদ ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই দুর্নীতি করেছিলেন।
প্রধান বিচারপতি রিয়ান্টো অ্যাডাম পন্টোহ বলেন, বিবাদী বিশ্বাসযোগ্যভাবে দুর্নীতির জন্য দোষী বলে প্রমাণিত হয়েছেন। বিচারকরা দেখতে পেয়েছেন, সরকারি কর্মকর্তা হিসেবে তার উদাহরণ ভালো ছিল না। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রচেষ্টার বিপরীতে গিয়ে নিজেকে মূল্য দিয়েছেন।
বলা হয়েছে, সাবেক মন্ত্রী তার স্ত্রীর গয়না ও সৌন্দর্যের চিকিৎসাসহ ব্যক্তিগত খাতে লাখ লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন। রায়ে তাকে এ তহবিল ফেরত দিতে বলা হয়েছে। না হলে আদালত তার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেবেন। রায়ের পর টিভিতে দেখা গেছে, সাংবাদিকদের কাছে লিম্পো তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করছেন।
যদিও তিনি জানান, আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান আছে তার। অপরদিকে এ মামলায় আদালত কৃষি মন্ত্রণালয়ের দুই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আসামিদের আপিল করার জন্য সাত দিন সময় আছে।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোয় দুর্নীতির দায়ে অনেক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার হয়েছে।
শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু, রোমান্স করতে গিয়ে ভাইরাল অধ্যক্ষ
অ্যালেক্সি নাভালনির স্ত্রী কে এই ইউলিয়া?