জিমিকে ‘গার্ড অব অনার’ দিতে ভুলে গেল ওয়েস্ট ইন্ডিজ!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে নেমেছেন জেমস অ্যান্ডারসন। সাধারণত শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামা কোনো ক্রিকেটারকে প্রতিপক্ষ দল গার্ড অব অনার দিয়ে সম্মান জানায়। চলতি লর্ডস টেস্টে ইংলিশ গতিতারকাকে নিয়েও এমন পরিকল্পনা ছিল ক্যারিবিয়ানদের। কিন্তু ইংল্যান্ডের নবম ব্যাটসম্যান শোয়েব বশিরের রান-আউট উদযাপন করতে গিয়ে ক্যারিবিয়নরা সেটি ভুলে যায়!

ইংল্যান্ডের প্রথম ইনিংসে অ্যান্ডারসন যখন ব্যাট করতে নামেন, তখন উইন্ডিজ দলের খেলোয়াড়েরা তার আশপাশেই ছিলেন না! শুধু জেসন হোল্ডার দৌড়ে এসে তার সঙ্গে করমর্দন করেন। এর ফলে প্রশ্ন ওঠে, জিমিকে কেন গার্ড অব অনার দিল না ওয়েস্ট ইন্ডিজ? দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এর কারণ ব্যখ্যা করে উইকেটকিপার ব্যাটার জেডেন সিলস বলেন, “আমাদের মধ্যে আগেই কথা হয়েছিল, অ্যান্ডারসন ব্যাটিংয়ে নামলে গার্ড অব অনার দেব।”

ইনিংসের ৯০তম ওভারে মিকাইল লুইসের সরাসরি থ্রোয়ে রান-আউট হন শোয়েব বশির। তাই ক্যারিবিয়ানদের আনন্দটা ছিল বেশি। তারা খেয়াল করার আগেই মাঠে নেমে পড়েন অ্যান্ডারসন। এ বিষয়ে সিলস বলেন, “রান-আউটটা আমাদের সবাইকে সুইস কটেজের (যেখানে লর্ডসের অবস্থান) দিকে নিয়ে গেছে। আমাদের জন্য গার্ড অব অনার দেওয়াটা তাই কঠিনই ছিল। সৌভাগ্যবশত হোল্ডার ওর দেখা পেয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত