ব্যাপক ভূমিধসে নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গেছে দুই বাস। দুই গাড়িতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। ওই কর্মকর্তা জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারণে নেপালের মধ্যাঞ্চলে মদন-আশ্রিত হাইওয়েতে রাত সাড়ে ৩টা নাগাদ ব্যাপক ভূমিধস হয়। ভূমিধসেই দুই বাস ছিটকে নদীতে পড়ে গেছে।
চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। অবিরাম বৃষ্টির কারণে নিখোঁজ বাসের সন্ধানে অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
এদিকে নদীতে দুই বাস ভেসে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। তিনি যাত্রীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে চিতওয়ান জেলার ভরতপুরে ফ্লাইট বাতিল করা হয়েছে। গত সপ্তাহ থেকে নেপালের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যে ভারতীয় সীমান্তবর্তী নিচু এলাকার বেশ কয়েকটি জেলায় বন্যার খবর পাওয়া গেছে। গত মাসে নেপালে ভূমিধস, বজ্রপাত ও বন্যায় ১৪ জনের মৃত্যু হয়।
বাসর রাতের ভিডিও করে আলোচনায় নবদম্পতি!