রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ঝড়-বৃষ্টি ও জলাবদ্ধতাকে পুঁজি করে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তারকৃত চার ডাকাত হচ্ছে- আলাউদ্দিন (৪১), মাসুদ চৌকিদার (৩৫), আসাদ মিয়া (৪৫) ও মো. বশির উদ্দিন (৪২)।
গত ২৭ মে ঝড় বৃষ্টির রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় ৭ ভরি ৩ আনা স্বর্ণালংকার ও ২ লাখ ১৯ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। কিন্তু গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও ২ ভরি সোনা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসাইন বলেন, চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
তিনি বলেন, গত ২৭ মে গভীররাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে ওই চার ডাকাত ছাতা মাথায় এ কে এম কামরুজ্জামানের বাড়ির সামনে গিয়ে জলাবদ্ধতায় থমকে দাঁড়ায়। পরে তার বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং কলাপসিবল গেট দিয়ে ওপরে ওঠে ডাকাতি শুরু করে। তারা অস্ত্রের মুখে মালিকের দুটো রুমে গিয়ে আলমারি খুলে প্রায় ৬ ভরি সোনা ও ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর তারা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় কামরুজ্জামান বাদি হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। সবশেষে ডাকাতদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও ২ ভরি সোনা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর ডাকাতেরা আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি প্রদান করেছে।
