কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার ঘটনায় সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু।
আবু সায়েদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও প্রচারিত হয়েছে দেশের কয়েকটি গণমাধ্যমে। এতে দেখা গেছে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন সায়েদ। আর সে সময় খুবই কাছে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশ।
এ ঘটনায় মুখ খুলেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। আজ বুধবার নিজের ফেসবুকে সায়েদের একটি স্কেচ ছবি পোস্ট করে শাওন লিখেছেন, “বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? উনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে উনার কি একটুও লজ্জা লাগবে না!”
ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি কোটা সংস্কারের পক্ষে বলেও মন্তব্য করেছেন। মুক্তিযোদ্ধা কিংবা তাদের পরিবার নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য না করার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে দেশব্যাপী ৬ জনের মৃত্যু হয়েছে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে গণ-সমর্থন তত বাড়ছে।
