কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দেশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকে। সেই তালিকায় আছেন ক্রিকেটাররাও। ক্রমেই দীর্ঘ হচ্ছে সেই তালিকা।
পরিস্থিতি সাভাবিক করতে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস ও সৌম্য সরকার আছেন এই তালিকায়। তাদের সবাই শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে শান্তি কামনা করেছেন।
প্রথমে শান্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন ফেসবুকে। তবে এবার স্পষ্ট করে লিখলেন, 'শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।'
সংঘাত বন্ধের পাশাপাশি সমাধান চেয়েছেন লিটন দাস, 'কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।'
এক পোস্টে সৌম্য সরকার লিখেছেন, 'কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।'
এর আগে তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহান ও নঈমরা বর্তমান পরিস্থিতি নিয়ে যার যার মতামত প্রকাশ করেন।
মুখ খুললেন তামিম-রিয়াদ; মুখে কুলুপ সাকিব-মাশরাফির