মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষায় কোভিড নেগেটিভ এসেছে। গতকাল মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে ফিরেছেন।
করোনামুক্ত হওয়ার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাত আটটার দিকে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এসময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে বাইডেন কেন সরে দাঁড়ালেন তার ব্যাখ্যা দেবেন।
মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।
এরই মধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জো বাইডেন। গত রোববার দেওয়া ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। সঙ্গত কারণে গোটা বিশ্বের নজর আজ বাইডেনের ভাষণের দিকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৮১ বছর বয়সী বাইডেন জানিয়েছেন, ভাষণে আগামী দিনগুলোতে কি হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে বাকি মেয়াদে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন এ নিয়ে কথা বলবেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সুস্থতার খবর নিজেই জানিয়েছেন বাইডেন। তিনি লেখেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ। হোয়াইট হাউসে ফিরতে পেরে ভালো লাগছে।’
গত ১৭ জুলাই করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ ফল আসে জো বাইডেনের। এইপর তিনি ঘরবন্দী হয়ে পড়েন। এই কয়দিন তিনি চিকিৎসকের পরামর্শে ডেলাওয়ারে নিজ বাসভবনে বিশ্রামে ছিলেন। নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন।
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, বেঁচে আছেন কেবল পাইলট