আর্জেন্টিনার ‘বিতর্কিত’ পরাজয়ে বিস্মিত মেসি

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম

মরক্কোর কাছে পরাজয় দিয়ে প্যারিস অলিম্পিক শুরু করেছে আর্জেন্টিনা। ২-১ গোলের এই পরাজয়ে আর্জেন্টিনার একটি গোল বাতিলও হয়েছে। দর্শকদের তাণ্ডবে দুই ঘণ্টার মতো ম্যাচ বন্ধ ছিল। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এরপর আর্জেন্টিনার একটি গোল ভিএআরে বাতিলও হয়েছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন লিওনেল মেসি।

রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শুরু ম্যাচের শেষ তিন মিনিটে। এর আগে দর্শকদের বিশৃঙ্খলায় ম্যাচ বন্ধ ছিল। পরে গ্যালারি ফাঁকা করে ফের খেলা শুরু হয়। শেষ তিন মিনিটের খেলা শুরু হতেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার রেফারি গোল বাতিল করেন। তার যুক্তি ছিল, গোল করার সময় ক্রিশ্চিয়ান মেদিনা অফসাইডে ছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে চোটে আক্রান্ত মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘অবিশ্বাস্য’!

অন্যদিকে আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন তামাশা এই প্রথম দেখলাম। দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পরে এমন একটা সিদ্ধান্তের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি। যেভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে, সেটা অত্যন্ত বিপজ্জনক। মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত