স্টয়নিসের দেখা পেতে ১৪ ঘণ্টা গাড়ি চালিয়ে ডালাসে আফগান তরুণী

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম

তারকাদের ভক্তরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে তাদের যে উৎসাহ, উন্মাদনা তা দেখার মতন। তারকাদের সাক্ষাৎ পেতে তারা মুখিয়ে থাকেন। দেখা পেতে ভক্তরা তাই যেকোনো পদক্ষেপ নিতেই রাজি। ঠিক এইরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন এক তরুণী।

সুদূর আমেরিকায় এই ঘটনা ঘটেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট। এই বছর এই লিগে খেলছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সেখানে থাকা এক স্টয়নিস ভক্ত ১৪ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে পৌঁছালেন তার প্রিয় তারকাকে দেখতে।

তার মনের আশা পূরণ হয়েছে। এতদূর গাড়ি চালিয়ে এসে তিনি তার সাধের ক্রিকেটারের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পেয়েছেন।

তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আফগানিস্তানের বাসিন্দা। আমি সবসময়ে তার (মার্কাস স্টয়নিসের) সঙ্গে দেখা করার কথা আমার স্কুলের বন্ধুদের বলতাম। আমি আগেই ভেবেছিলাম যে এই মেজর লিগ ক্রিকেট আমার কাছে বড় সুযোগ তার সঙ্গে দেখা করার। আমার স্বপ্ন অবশেষে সফল হয়েছে। আমি খুব খুশি। ম্যাচ শেষে যে স্টইনিসের সঙ্গে সামনা সামনি দেখা করার সুযোগ পাব তা আমি ভাবিইনি।’

মেজর লিগ ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন স্টয়নিস। এই সপ্তাহেই টেক্সাস মুখোমুখি হয়েছিল সিয়াটেল অরকাসের বিরুদ্ধে। সেই ম্যাচের পরেই মার্কাস স্টইনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই তরুণী। তিনি আফগানিস্তানের বাসিন্দা। এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ক্রিকেটের ভক্ত।

ক্রিকেটের টানেই তিনি ছুটে গিয়েছেন এতদূরে। টেক্সাস সুপার কিংস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি তুলে ধরেছে। মার্কাস স্টয়নিসের সঙ্গে ওই তরুণীর ছবিও প্রকাশ করেছে তারা। পুরো ঘটনাও বর্ণনা করা হয়েছে। তবে ওই ভক্তের নাম প্রকাশ করা হয়নি। ওই তরুণী কলেরাডো স্প্রিংস থেকে থেকে গাড়ি ড্রাইভ করে এসেছেন ডালাসে।

মাঠে তো তিনি মার্কাস স্টয়নিসের খেলা দেখেইছেন। খেলা শেষের পরে তিনি তার সাধের তারকার সঙ্গে দেখা পর্যন্ত করতে পেরেছেন। টেক্সাস সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর একটি ছোট সাক্ষাতকার প্রকাশ পেয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত