ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে দিয়ে দ্রুতগতির টিজিভি রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। এসব হামলা ও অগ্নিসংযোগে দেশটির ব্যস্ততম কয়েকটি রেললাইনের কার্যক্রম ব্যাহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএফ বলছে, রেলব্যবস্থাকে অচল করে দিতে বিদ্বেষপূর্ণ তৎপরতা চালানো হয়েছে।
বিবিসি বলছে, গতকাল শুক্রবার প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে হামলার নিশানা করেছে। এতে বেশ কিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদের ভ্রমণ বাতিল করতে হয়েছে এবং তাদের রেলস্টেশনে আসতেও মানা করা হয়েছে।
ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফের প্রেসিডেন্ট বলেছেন, আট লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে। তিনি জানান, রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে।
এসএনসিএফ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেললাইনগুলোর তিনটি স্থলে আগুন জ্বলতে শুরু করে। এসএনসিএফের ভাষ্য, ইচ্ছাকৃতভাবেই রেললাইনে আগুন দেওয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
এসএনসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রেললাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে বহু ট্রেনযাত্রাই বাতিল করতে হবে। এ সপ্তাহান্তে পরিস্থিতি এমনই থাকবে। তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এ ধরনের হামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি না, তা কর্মকর্তারা জানেন না। ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভারগ্রেত এবং ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাসতেরা এমন হামলার প্রতি নিন্দা জানিয়েছেন।
এদিকে অলিম্পিককে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৪৫ হাজারের বেশি পুলিশ, ১০ হাজার সৈন্য এবং ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করেছে। স্নাইপাররা বিভিন্ন ছাদে অবস্থান করবেন এবং ড্রোন দিয়ে নজর রাখবে। ঘটনাটি খতিয়ে দেখতে প্যারিস অলিম্পিক ২০২৪ কর্র্তৃপক্ষ এসএনসিএফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।
অলিম্পিকে ডোপিংয়ের কালো থাবা
নতুন ক্লাবের সঙ্গে নতুন প্রেমিকাও পেলেন এমবাপ্পে?