প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে বড় এক ভুল করে বসলেন আয়োজকেরা। পুয়ের্তো রিকোর বিপক্ষে বাস্কেটবল ম্যাচের আগে তারা দক্ষিণ সুদানের ভুল জাতীয় সঙ্গীত বাজিয়েছেন। এই ঘটনায় সমালোচনা শুরু হলে আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
দীর্ঘ সংঘাতের পর ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। গত বছর প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে দেশটি। গতকাল রবিবার প্যারিসের পিয়েরে মরে স্টেডিয়ামে দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীতের পরিবর্তে সুদানের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়। এসময় দক্ষিণ সুদানের খেলোয়াড়েরা কোন প্রতিক্রিয়া না দেখালেও দর্শকরা চটে যান এবং দুয়ো দিতে থাকেন।
ভুল বুঝতে পেরে জাতীয় সঙ্গীত বাজানো বন্ধ করে দেয় আয়োজকেরা। একটু পর দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে ফের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আয়োজকরা দক্ষিণ সুদানের কাছে ভুল জাতীয় সঙ্গীত বাজানোর জন্য ক্ষমা চেয়েছেন এবং এটিকে 'মানবিক ত্রুটি' বলে উল্লেখ করেছেন, ‘আমরা বুঝতে পারছি যে, অনেক বড় ভুল হয়ে গেছে।’
ম্যাচটিতে ৯০-৭৯ পয়েন্টে পুয়ের্তো রিকোকে হারিয়েছে দক্ষিণ সুদান। খেলার পর দক্ষিণ সুদানের খেলোয়াড় মাজোক ডেং এমন ভুলকে 'অসম্মানজনক' বলে অভিহিত করে বলেছেন, ‘তাদের (আয়োজকদের) আরও সতর্ক থাকতে হবে কারণ এটিই সবচেয়ে বড় মঞ্চ।’
প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক এলজিবিটি অ্যাথলেট, অধিকাংশই নারী
সেই অশ্বিনকে এবার ‘মানকাড আউট’ থেকে বাঁচিয়ে দিলেন বোলার
রেকর্ডের আনন্দে এক বোতল শ্যাম্পেন চাইলেন স্টোকস