অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ড, অলিম্পিক রেকর্ড নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সবই ছিল অস্ট্রেলিয়ার অ্যারিয়ান টিটমাসের দখলে। প্যারিসে তাঁর সোনা এবং অলিম্পিক রেকর্ড একসঙ্গে কেড়ে নিলেন স্বদেশী মলি ও’ক্যালাঘান।
২০ বছর বয়সী ও’ক্যালাঘান শেষ ৫০ মিটারের দারুণ সাঁতার কেটে ২০০ মিটারের ইভেন্ট শেষ করেছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ডে। এটি অলিম্পিকে নতুন রেকর্ড। টোকিও অলিম্পিকে ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি এতদিন ছিল টিটমাসের।
টিটমাস এবার ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। একসঙ্গে সোনা এবং অলিম্পিক রেকর্ড খোয়ালেও এখনো এই ইভেন্টের বিশ্ব রেকর্ড টিটমাসেরই।
গত মাসে অস্ট্রেলিয়ার ট্রায়ালে ১ মিনিট ৫২.৩৩ সেকেন্ডে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙেছিলেন ও’ক্যালাঘানেরই রেকর্ড।
প্যারিসে রেকর্ড গড়ে সোনার পদক জয়ের পর ক্যালাঘন বলেন, আমি ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারবো না। আমাকে শান্ত থাকতে হবে। কারণ, আগামীকাল (আজ) ১০০ মিটার বাকি আছে। এই সপ্তহ জুড়েই আমাকে শান্ত থাকতে হবে। আমি দেশের জন্য সাঁতার কাটতে এসেছি। সপ্তাহ শেষে এসব নিয়ে ভাববো।'
ব্যক্তিগত ইভেন্টে টিটমাস তার জন্য শত্রু তবে রিলেতে তারা খেলেন একই সঙ্গে। ক্যালাঘন বলেন, 'আমার সতীর্থের সঙ্গে রেস করতে পারা এবং তাকেসহ পডিয়ামে উঠতে পারাটা দারুণ।'
টিটমাস ও ক্যালাঘন দুইজনই একসঙ্গে অনুশীলন করেন কোচ ডিন বক্সালের অধিনে। তিনি দুজনকেই জয়ের টোটকা দিয়ে থাকেন। তবে শেষ পর্যন্ত একজনকে তো হারতেই হয়।
নারী ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের সিওভান হাউহি।
