শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হলো না প্যারিস অলিম্পিকের টায়াথলন ইভেন্ট। অলিম্পিক শুরুর আগে প্যারিসের মেয়র হিদালগো সেন নদীতে সাঁতার কেটে এর পানির বিশুদ্ধতা প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকদিনের মাঝেই বদলে গেল পরিস্থিতি। এখন সেন নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে, তার মাঝে এই খেলার আয়োজন সম্ভব নয়।
প্যারিস অলিম্পিকে মঙ্গলবার ছেলেদের ট্রায়াথলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে বুধবারে নেওয়া হয়েছে। মেয়েদের ইভেন্টও হবে ওই দিনই। আয়োজকেরা বলছেন, গত শুক্র এবং শনিবারের বৃষ্টির ফলে স্যেন নদীর দূষণ বৃদ্ধি পেয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলেন, ‘কিছু জায়গার পানি স্বচ্ছ হলেও যেখানে প্রতিযোগীরা সাঁতার কাটবেন, সেসব জায়গার পানির মান ভালো নয়। এখনও দূষণ আছে।’
প্রশ্ন উঠেছে, যদি বুধবারের মধ্যে পরিস্থিতি না বদলায়, তাহলে কী হবে? আয়োজকদের মতে, সেক্ষেত্রে এই ইভেন্টটি আরও পিছিয়ে শুক্রবার করা হতে পারে। তখনও যদি দূষণ না কমে, তাহলে ট্রায়াথলন থেকে সাঁতার বাদ দিয়ে দেওয়া হবে। তিনটি খেলা মিলিয়ে ট্রায়াথলন প্রতিযোগিতা হয়। সাঁতার বাদ দিয়ে এই ইভেন্টটিকে ডুয়াথলন করে দেওয়া হবে।
২০১৫ সাল থেকে সেন নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছিল ফ্রান্স সরকার। শুরু করা হয়েছিল নদীকে কেন্দ্র করে একাধিক প্রকল্পও। সব মিলিয়ে খরচ করা হয়েছিল ১৫০ কোটি ডলার। প্যারিস শহরের মাঝামাঝি অংশে তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ বিশাল জলাধার। শহরের পয়ঃপ্রণালী ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন কাজে ব্যবহৃত পানি দূষণমুক্ত করার ব্যবস্থাও উন্নত করা হয়েছে। কিন্তু বৃষ্টি হওয়ায় সব চেষ্টাই বিফলে গেছে।
এদিকে আরও একটি সমস্যা তৈরি হয়েছে প্যারিস অলিম্পিকে। মঙ্গলবার শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যেই ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। এদিন প্যারিসে প্রচণ্ড গরম থাকবে। দক্ষিণ দিক থেকে তাপপ্রবাহ হবে। ফলে কিছু জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা। সে কারণে বিচ ভলিবল, রাগবির মতো খেলাগুলো আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
মেসির ফেরার সময় ঘনিয়ে আসছে: সুয়ারেজ
সোনার পদকের মীমাংশা যেসব ইভেন্টে
প্যারিস অলিম্পিকের উদ্বোধনকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
তিলকরত্নে যেন আরেক হাথুরুসিংহে