বরগুনার আমতলীতে তিন গরু ব্যবসায়ীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ জুলাই) ভোরে আমতলী গরুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, ভোরে গরু নিয়ে হাটে আসেন আমতলী সদর ইউনিয়নের পুজাখলা গ্রামের ফোরকান হাওলাদার (৫০), হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের রব্বান মৃধা (৪৫) ও দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জাকারিয়া গাজী (৩৫)।
কিছুক্ষণ পর বাজার সংলগ্ন বেল্লালের দোকানে নাস্তা খান তারা। নাস্তা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই তিন ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন। এসময় দুর্বৃত্তরা ফোরকানের সঙ্গে থাকা দেড় লাখ টাকা, রাব্বান মৃধার ৬০ হাজার ও জাকারিয়া গাজীর লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে ওই তিন ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।
আমতলী থানার ওসি কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
