ইরানের রাজধানী তেহরানে আজ বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি।
জানাজার পর আজই হানিয়ার মরদেহ দাফনের জন্য পাঠানো হবে কাতারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার সকাল থেকেই শোকার্তরা তেহরান বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে জড়ো হতে শুরু করে। আজাদী স্কয়ারের দিকে শোকাহতরা মিছিল করার আগে বিশ্ববিদ্যালয় চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়।
হানিয়াহকে শেষ শ্রদ্ধা জানাতে এবং বিদায় জানাতে হাজার হাজার শোকার্তরা রাস্তায় নেমে আসে।
আগামীকাল শুক্রবার কাতারের দোহায় হানিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে দাফন করা হবে তাঁর মরদেহ। হামাস নেতা হানিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার।
এদিকে হানিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ইরান। এমনকি তার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। আর তাই সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে ইসরায়েলিদের জন্য চ্যালেঞ্জিং দিন আসছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক দিনগুলোতে শত্রুদের কঠোর জবাব দেয়া হয়েছে বলেও জানান তিনি। এসময়, যেকোনো হুমকি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানান নেতানিয়াহু।
যে ভবনে গুপ্তহত্যার শিকার হয়েছেন হামাসপ্রধান হানিয়া