আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইলেন তাসনিয়া ফারিণ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:২৬ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা রয়েছেন। তারা ফার্মগেটে নেমে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতার পক্ষে কথা বলেন।

শনিবার ধানমন্ডিতে সংগীতশিল্পীরা একত্রিত হয়েছিলেন। এরপর সেখান থেকে শহীদ মিনারে পদযাত্রা করেন। এই আয়োজনে দেশের সকল ব্যান্ডদল, শিল্পী, সুরকার, গীতিকাররা উপস্থিত ছিলেন।

এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
ফারিণ ফেসবুকে লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসা যায় না। তবু মনে হচ্ছে, আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে। 

এই অভিনেত্রী বলেন, ‘আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।’

সামাজিক মাধ্যমে ফারিণ বলেন, ‘কারো কোনো সাহায্য-সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন, তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে-বলতে গিয়ে দশবার ভাবতে হবে না। এখনো অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি। আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত