রাফসানকে তাড়িয়ে দেওয়ায় ক্ষিপ্ত সালমান মুক্তাদির

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা রয়েছেন। তারা ফার্মগেটে নেমে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতার পক্ষে কথা বলেন।

শনিবার ধানমন্ডিতে সংগীতশিল্পীরা একত্রিত হয়েছিলেন। এরপর সেখান থেকে শহীদ মিনারে পদযাত্রা করেন। এই আয়োজনে দেশের সকল ব্যান্ডদল, শিল্পী, সুরকার, গীতিকাররা উপস্থিত ছিলেন।

এ সময় যোগ দেন বর্তমান সময়ের আলোচিত ইউটিউবার ‘রাফসান দ্য ছোটভাই’ খ্যাত ইফতেখার রাফসান। এক পর্যায়ে রাফসানের উপস্থিতিতে শিক্ষার্থীরা তাকে আপত্তি জানান। এতে তোপের মুখে পড়ে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় এই ইউটিউবারকে।

এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির। রাফসানের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড ইগো আর এগ্রোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলব আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত, যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করত না?’ 

তিনি বলেন,‘দেশকে পুরো বেচে দিয়ে নায়ক ফেরদৌস, রিয়াজের মতো টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে, কেউ কিছু করতে পারল না?’ 

সমালোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান বলেন, ‘সাকিব ওর বউকে নিয়ে সবার সামনে ইগো দেখায় চ্যালেঞ্জ করতেছে, কিছু করতে পারি নাই। রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে। ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইত আরও।’

সালমান বলেন, ‘এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি, তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি? কাকে জড়ো হইতে বলতেছি? কাকে আওয়াজ তুলতে বলতেছি?’

ইফতেখার রাফসান তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে। এর পর তাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন তারা। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির দিকে তেড়ে গেলে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রাফসান স্থান ত্যাগ করেন।
এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত