বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে গতকাল বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এতে দৈনিক খবরপত্রর সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক (৫০) নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা, কুমিল্লা, জামালপুর ও মানিকগঞ্জে ১৭ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলা হয়েছে গণমাধ্যম কার্যালয় ভবনে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর:
ঢাকা : ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম ও নাইমুল ইসলাম মিরাজ। জাহিদুলের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। এ ছাড়া রাজধানীর রামপুরাসংলগ্ন হাতিরঝিল এলাকায় হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিব রহমান। তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করা হয়। এদিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকজনের সংঘর্ষের সময় ভবনটির নিচতলার কাচের দরজা ও কাচের প্যানেল ভাঙা হয়। অন্যদিকে বাংলা মোটর এলাকার রূপায়ণ ট্রেড সেন্টারে হামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত থেকে। বিকেল ৫টার দিকে হামলাকারীরা ট্রেড সেন্টারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ভবনের নিচতলায় অগ্নিসংযোগের চেষ্টা করে এবং বেজমেন্টে থাকা ২০টি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। হামলাকারীরা দুটো বেসরকারি ব্যাংকের করপোরেট অফিসসহ ভবনের তিনতলা পর্যন্ত ব্যাপক ভাঙচুর করে। এ সময় ভবনের নিরাপত্তায় নিয়োজিত পাঁচজন নিরাপত্তারক্ষীকে মারধর করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত নিরাপত্তাকর্মীরা হলেন মো. উজ্জ্বল, মো. নাহিদ ও মো. তানজিম।
সিরাজগঞ্জ : রায়গঞ্জ প্রেস ক্লাবে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা প্রেস ক্লাবে ঢzকে দৈনিক খবরপত্রর রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রেস ক্লাবের পাশের আওয়ামী লীগ কার্যালয়ে আন্দোলনকারীরা হামলার করে। এ সময় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রেস ক্লাবে কর্মরত থাকা প্রদীপ কুমার ভৌমিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে। তিনি সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, রায়গঞ্জ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক। হামলাকারীরা সিপিবি জেলা কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এক যুক্ত বিবৃতিতে হত্যাকারী এবং অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কুমিল্লা : গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লার নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন জাকির। তিনি মহাসড়কের আলেখার চর নামক স্থানে গেলে আন্দোলনকারীরা তার ওপর হামলা করে। এতে তার মাথা ও বুকে আঘাত পান। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে কুমিল্লা তমা হাসপাতালে ভর্তি করা হয়। মাথার আঘাত গুরুতর হওয়ায় তার সিটি স্ক্যান করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। তার আঘাত গুরুতর বলে জানান তিনি। এই হামলার ঘটনায় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় আন্দোলনকারীরা মোহনা টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি সাহাব উদ্দিনকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এ ছাড়া কুমিল্লায় বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন, ক্যামেরাপারসন মেরাজ হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হান, স্থানীয় কুমিল্লার কাগজের ক্যামেরাপারসন মো. সজিব ও সাপ্তাহিক আমোদ-এর রিপোর্টার মোহাম্মদ শরীফ আহত হন।
জামালপুর : আওয়ামী লীগের মহড়ার ভিডিও ধারণ করার সময় শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন টাইগারের কাছে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরাপারসনকে লাঞ্ছিত করাসহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও ইসলামপুরে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে জেলা শহরের মির্জা আজম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন টাইগার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এসব ঘটনায় তাৎক্ষণিক দুপুরে প্রেস ক্লাব জামালপুর মিলনায়তনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
মানিকগঞ্জ : দুপুর ১২টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা প্রথমে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনকে আহত করে। তাকে উদ্বার করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আর এস মঞ্জুর রহমানকেও পিটিয়ে জখম করে আন্দোলনকারীরা। পরে স্থানীয় পত্রিকার রিপোর্টার দেওয়ান সাতমান শাওনকে আহত করে। পরে তিন সাংবাদিককে সহকর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিক শাওনের মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। সাংবাদিক সুজন ও মঞ্জুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
