বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

  • সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় জড়ো হওয়ার আহ্বান 
  • স্থানীয় সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষা করার নির্দেশনা সমন্বয়কদের
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:৩৫ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা। 

মার্চ টু ঢাকা কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান।

বার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের “মার্চ টু ঢাকা” কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার (আজ) করা হলো।’ সারা দেশের ছাত্র-জনতাকে সোমবার ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আজ যে তাজা রক্ত ঝরালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনস্রোত। ঢাকায় ১ কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে।’ 

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। যে যেভাবে পারেন, ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।’

অন্যদিকে যারা ঢাকায় আসতে পারবেন না, তাদের স্থানীয় সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষা করার নির্দেশনা দিয়েছেন সমন্বয়করা। 

মার্চ টু ঢাকা কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত