এমবাপ্পে রিয়ালে যাওয়ায় বেলিংহ্যামের কী হবে?

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৯:৪২ এএম

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরছে- দলটির আক্রমণভাগে জুড বেলিংহ্যামের ভূমিকা কী হবে? রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানালেন, ইংলিশ মিডফিল্ডারের ভূমিকায় কোনো পরিবর্তন হবে না। তিনি আগের মতোই গুরুত্বপূর্ণ হিসেবেই থাকবেন।

২১ বছর বয়সী বেলিংহ্যাম মূলত মিডফিল্ডার। তবে গত মৌসুমে দলের আক্রমণভাগে দারুণ কার্যকর ছিলেন। ৪২ ম্যাচে ২৩ গোল করে দলের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই এমবাপ্পে যোগ দেওয়ার পর গুঞ্জন শুরু হয় যে, বেলিংহ্যামকে হয়তো নিচে নামিয়ে খেলানো হবে। কারণ, আক্রমণভাগে এমবাপ্পেকেই চাইবে রিয়াল।

বিষয়টি নিয়ে আনচেলত্তি বলেন, ‘বেলিংহ্যামের বেলায় কোনো কিছুই বদলাবে না; কিছুই না। প্রথম মৌসুমে সে আমাকে অনেক বিস্মিত করে; কেননা, সে তার চমৎকার মান দেখিয়েছিল। আসলেই সে পরিণত একজন মানুষ। পরের মৌসুমেও তার ভূমিকায় কোনো পরিবর্তন আসবে না। যে খেলোয়াড় আমাদের আছে, তাদের মধ্যে সেরাদের একজন হবে সে। সে দলকে তার মান দিয়ে অনেক সহযোগিতা করছে।’

রিয়ালের হয়ে দারুণ খেললেও জাতীয় দলের হয়ে সাফল্য পাননি বেলিংহ্যাম। পারেননি ইউরো জিততে। তবে আনচেলত্তি মনে করেন, ইউরোতেও ভালোই ছিল বেলিংহ্যামের পারফরম্যান্স, ‘এটা একটা অভিমত; কিন্তু (আমার মতে) বেলিংহ্যাম ইউরোতে বেশ ভালো খেলেছিল। ইংল্যান্ড আসলেই ভালো খেলেছিল, তারা ফাইনালে উঠেছিল এবং জয়ের খুব কাছাকাছি ছিল। আমি জানি না, খেলোয়াড়রা কিভাবে এই ধরনের ম্যাচের জন্য ক্লান্ত হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত