দেশে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অরাজকতা বন্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান তার নেতাকর্মী ও সমর্থকদের জরুরি দিকনির্দেশনা দিয়েছেন।
আজ বুধবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তিনি।
বিবৃতিতে তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় দেশের নানা প্রান্তে ভাঙচুর, ডাকাতি ও অস্থিরতা চলছে। নানা ধরনের খারাপ খবর আসছে। এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে এসব প্রতিরোধে তিন বাহিনীর প্রধানকে আরো ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে।
তারা আরো বলেন, কোনো গড়িমসি না করে অতিদ্রুত একটি সর্বজনগ্রাহ্য ও স্বল্পমেয়াদী অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। ওই অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে। কারণ ৫ মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক কোরবানি রয়েছে। এমনকি ছাত্রজনতার বিপ্লবে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ ও ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো সেক্যুলার ষড়যন্ত্র হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।
নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে নেতৃদ্বয় বলেন, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। এ ক্রান্তিকালে আমি আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তার আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে বলেও তারা উল্লেখ করেন।
সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে সজাগ থাকতে বললেন মির্জা আব্বাস
গণমাধ্যমকর্মী আতিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন