মানিকগঞ্জে হেফাজতে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম

মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে হেফাজতে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জোহরের নামাজের পর মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা সাঈদ নূর।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী।

জেলা সেক্রেটারি মুফতী শামসুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন, যা ইসলাম এবং দেশের রক্ষায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এটি আমাদের আকাবিরদের রেখে যাওয়া একটি পবিত্র আমানত। আমরা বহুবার রক্ত দিয়ে ইসলাম ও দেশের রক্ষায় ভূমিকা রেখেছি। এ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী করতে হবে।

গণআন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের ছাত্র ও কর্মীরা জীবন দিয়েছেন একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে—ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, প্রতিটি মসজিদের খুতবার মিম্বার থেকে এ বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। একইসঙ্গে, হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কোনো কর্মসূচি দিলে তাতে সর্বস্তরের মুসলমানদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত