অলিম্পিক ব্যর্থতার পর ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম

প্যারিস অলিম্পিকে পদক জিততে না পেরে রাফায়েল নাদাল কি হতাশ হয়ে পড়েছেন? সোশ্যাল  মিডিয়া তার সাম্প্রতিক পোস্ট দেখে অনেকের এমনই মনে হচ্ছে। অলিম্পিক ব্যর্থতার পর এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

এই স্প্যানিশ সুপারস্টার লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, চলতি বছরের ইউএস ওপেনে আমি অংশ নিচ্ছি না। নিউইয়র্কে আমার প্রচুর স্মৃতি আছে। রাতের বেলার অসাধারণ পরিবেশে আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার আমি শতভাগ দিতে পারব না বলেই নাম প্রত্যাহার করেছি। আমেরিকার সমর্থকদের অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে মিস করব। আবার কোনও দিন দেখা হবে।’

প্যারিস অলিম্পিকে সিঙ্গেলস এবং ডাবলস- দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাদাল। সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডেই হেরে যান নোভাক জোকোভিচের কাছে। ডাবলসে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। ইউএস ওপেনে চারবারের শিরোপাজয়ী নাদাল সর্বশেষ ২০২১ সালে এই আসরে খেলেছিলেন। এবার ইউএস ওপেন না খেললেও বার্লিনে লেভার কাপ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত