বিশ্বকাপ আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা চাইল বিসিবি

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩৬ পিএম

ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বিসিবি। দেশে দুদিন আগে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও নিরাপত্তা ইস্যু ছাড়াও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বিসিবি কর্ম-কর্তাদের অনেকের আড়ালে থাকার বিষয়টি।

গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের উপদেষ্টা কমিটি। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা সমন্বয়ক আসিফ মাহমুদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানতে চেয়েছে আইসিসি। সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই নিশ্চিত করতে চায় বিসিবি। সেই উদ্দেশেই তার কাছে চিঠি দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

ইফতেখার আহমেদ মিঠু ক্রিকবাজকে বলেন, 'আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।'

১০ দলের অংশগ্রহণে আগামী ৩-২০ অক্টোবর পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা।

আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে ১০ আগস্টের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগেরও এমপি ছিলেন। এছাড়া বিসিবিতে যুক্ত থাকা অনেকেই ছিলেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা এখন আছেন আড়ালে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত