ফ্রান্সকে কাঁদিয়ে ফুটবলে স্বর্ণ স্পেনের

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:১৭ এএম

প্যারিস অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্স। সেই তারাই ফাইনালে, অপেক্ষা ৪০ বছরের। ঘরের মাঠ বলে ফেভারিটও ছিলেন তারা। কিন্তু তাদের স্বপ্ন অধরাই রয়ে গেল। ফ্রান্সকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জিতে নিয়েছে স্পেন। স্প্যানিশরাও অবসান ঘটিয়েছে তাদের ৩২ বছরের অপেক্ষার। পার্ক দ্য প্রিন্সেসের অতিরিক্ত সময়ে গড়ানো খেলাটিতে স্পেনের জয় ৫-৩ গোলের ব্যবধানে।

ফ্রান্স স্বাগতিক ও প্যারিসে ফাইনাল হওয়ায় তাদের সমর্থক সংখ্যা ছিল প্রত্যাশিতভাবেই বেশি। স্পেনের সমর্থকরাও কম যাননি। জমজমাট খেলায় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ১১ মিনিটেই এনজো মিলতের গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে এর পরে খেলাটিকে একপেশে করে দেয় স্পেন।

১৮ ও ২৫ মিনিটে স্পেনের হয়ে জোড়া গোল করেন সদ্য ইউরো জয় করে আসা ফেরমিন লোপেজ। ২৮ মিনিটে ব্যবধান তিনগুণ করেন আলেহান্দ্রো বায়েনা। প্রথমার্ধ্ শেষ হয় ৩-১ গোলেই।

দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল ফ্রান্স। মাখনেস আকলিউশ আরেকটি গোল শোধ করেন। যোগ করা সময়ে ভিএআরে পেনাল্টি পায় ফরাসিরা। সেখান থেকে দলকে সমতায় ফেরান জ্য-ফিলিপে মাতেতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধেই স্পেনকে এগিয়ে দেন সার্জিও কামেলো। একেবারে শেষ মিনিটে ফ্রান্সের মুহুর্মূহু আক্রমণের ফাঁকে প্রতিআক্রমণে শেষ পেরেকটি ঠুকে দেনও তিনি। ৫-৩ গোলের জয়েই স্বর্ণের স্বাদ পায় স্পেন। স্পেনও অলিম্পিকে সর্বশেষ সোনার পদক জেতে ৩২ বছর আগে, ১৯৯২ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত