নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও চার থেকে পাঁচজন বাড়ছে। আজ শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন কয়েকজন উপদেষ্টার শপথ নেওয়ার কথা রয়েছে।
উপদেষ্টা হিসেবে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন, এমন চারজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের নামও শোনা যাচ্ছে। তবে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর মধ্যে আলী ইমাম মজুমদার অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারীর (উপদেষ্টা পদমর্যাদা) দায়িত্ব পেয়েছেন গত সোমবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য সংখ্যা এখন ১৭।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য ৫টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন। এ ধরনের ক্ষেত্রে সব সময়ই অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।
এর আগে তিন দফায় শপথগ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা পরে দুই ধাপে শপথ নেন।
শপথগ্রহণের পর উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদসহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।
অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র; আদিলুর রহমান খানকে শিল্প; হাসান আরিফকে স্থানীয় সরকার; পল্লী উন্নয়ন ও সমবায়; মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র; সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ; ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক; সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক; বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা; আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম; ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ; নূর জাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ; মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
একনজরে আজকের দেশ রূপান্তর (১৬ আগস্ট)
তোপের মুখে পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান