জীবনের কঠিন সময় পার করার উপায় বললেন বিরাট কোহলি

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম

প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। অনেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সেই সময় অতিক্রম করে, অনেকে আবার ব্যর্থ হয়। ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির ক্যারিয়ারের খারাপ দিনগুলোর কথা সবারই জানা। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি এবার জানালেন, কীভাবে খারাপ সময় পার করতে হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কোহলি বলেন, ‘যে সময়টা তোমার ভালো যাচ্ছে না, সেই সময় তুমি কী ভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। একটা সময় আসে যখন কোনোকিছু করতে ইচ্ছা করে না। খেলতে ইচ্ছা করে না, অনুশীলন করতে ইচ্ছা করে না। জিমে যেতে ভালো লাগে না। সেই সময় তুমি কী করছ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।’

তিন ফরম্যাট মিলিয়ে ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি মালিক কোহলি নিজের দর্শন আরও বলেন, ‘জীবনে এমন সময় আসবে। সেই সময়টাকে সম্মান জানাতে হবে। কঠিন সময়ের মধ্যেও কাজ করে যেতে হবে। সেটাই আসল খেলা। কারণ সেই সময় সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নেয়। আমি এভাবেই দেখতে পছন্দ করি।’

২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোনো সেঞ্চুরি করতে পারেননি কোহলি। এই সময় তাকে প্রচুর সমালোচনা হজম করতে হয়েছে। সেইসঙ্গে ছিল অধিনায়কত্বের চাপ। কেউ কেউ তো দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু কোহলি আবারও ফিরে আসেন দুর্দান্তভাবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসর নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত