ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম

ইয়েমেনে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতি বোমা হামলায় সরকারপন্থি ১৬ ইয়েমেনি সেনা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব জানিয়েছেন, হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। আর আল কায়েদা বলছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

এর আগে গত মার্চেও সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল একিউএপি। এতে নিহত হয়েছিল ২ সেনা সদস্য।

আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হল ইয়েমেনভিত্তিক একটি চরমপন্থি গোষ্ঠী যা ২০০৯ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত