ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে: ফারুক ই আজম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ-সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফারুক-ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই-বাছাই করে যাদের সত্যিকার পাব তারা থাকবে আর যাদের পাব না তারা থাকবে না, চলে যেতে হবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তিও পেতে হবে।

তিনি বলেন, মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। একদিনে বললে তো হবে না, এটা প্রক্রিয়াধীন।

ব্রিফিং শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সঙ্গেও। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত