‘অহংকারী’ এমবাপ্পেকে ‘নম্র-ভদ্র’ বললেন রিয়াল কোচ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের আচরণ নিয়ে সমালোচনা অনেকদিনের। পিএসজিতে থাকতে নেইমার এমনকী লিওনেল মেসির সঙ্গেও তিনি উদ্ধত আচরণ করেছিলেন। ‘অহংকারী’ হিসেবেও তার কুখ্যাতি ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অন্য এক এমবাপ্পেকে দেখেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। এই এমবাপ্পে নাকি বেশ ‘নম্র-ভদ্র’।

রিয়ালের হয়ে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে এমবাপ্পের। আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের সেই ম্যাচে দলের জয়ে গোল করে অবদান রেখেছেন। সব ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় রাত দেড়টায় মায়োর্কার বিপক্ষে তার লা লিগা অভিষেকও হয়ে যাবে। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে কথা বলেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।

এমবাপ্পের আচরণ নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমাদের এখানে অসাধারণ এক প্রতিভা এসেছে এবং এখানে যত দ্রুত সম্ভব, তার মানিয়ে নিতে আমাদের সাহায্য করতে হবে।’ আনচেলত্তি এরপর এমবাপ্পের আচরণ নিয়ে বলেছেন, ‘সত্যি এটাই যে ড্রেসিংরুমে তার প্রবেশটা খুব ভালোভাবেই হয়েছে। ড্রেসিংরুমে সে খুব সিরিয়াস, নম্রতা-ভদ্রতার সঙ্গে তার শুরুটাও হয়েছে ভালো।’

নতুন খেলোয়াড়দের বরণ করে নিতে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের কথাও জানিয়ে দিলেন আনচেলত্তি, ‘এটা শুধু তার (এমবাপ্পে) বেলাতেই নয়, রিয়াল মাদ্রিদে সব নতুন খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। আমরা তাদের জন্য এখানকার পরিবেশ স্বস্তিকর করে তোলার চেষ্টা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত