কুড়িগ্রামে স্পার বাঁধে ধস, ভাঙন আতংকে স্থানীয়রা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:২৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা নদীর বাম তীর রক্ষার একটি স্পার বাঁধ (গ্রোয়েন) ধসে গেছে। তিস্তা নদীর পানি কমায় উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা এলাকার স্পার বাঁধটির সামনের প্রায় ১৫ মিটার অংশজুড়ে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা এলাকায় ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রায় পাঁচ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে তিস্তা নদীর বাম তীর রক্ষার ২০০ মিটার দৈর্ঘ্যর বন্যা নিয়ন্ত্রণে একটি স্পার বাঁধ (গ্রোয়েন) নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ হলে তা ধীরে ধীরে ভ্রমণ পিপাসু মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়। বাঁধটি ভেঙে গেলে এ অঞ্চলের মানুষের বিনোদনের এই স্থানটি হারিয়ে যাবার পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ফসলি জমি ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান যে কোন মুহুর্তে তিস্তার পেটে চলে যাবার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোঃ নুর জামাল জানান, আই বাঁধটি নির্মাণ করায় তিস্তা নদীর বাম তীর ভাঙন থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। বাঁধটিতে ধস দেখা দেওয়াতে তারা ভয়ে আছেন। যদি বাঁধটি ধসে যায় তাহলে এলাকাবাসী নদী ভাঙন ও বন্যায় নিঃস্ব হয়ে যাবেন।

বাঁধে পাশে আশ্রয় নেওয়া মো. মুনাব্বর মিয়া বলেন, বাঁধটি নির্মাণে এলাকাবাসী অনেক উপকৃত হয়েছেন। বাঁধটি রক্ষা করা না হলে এলাকার চর বজরা উচ্চ বিদ্যালয়, চর বজরা জামে মসজিদ, বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ কাশিম বাজার, চর বজরা, পূর্ব বজরা, লকিয়ারপাড় ও পশ্চিম বজরা এলাকা নদী ভাঙণ ঝুঁকিতে পড়বে। এতে বিপুল পরিমাণ আবাদি জমি, বসতভিটা ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বাঁধটি ধসে যাওয়ার খবর পেয়ে স্থানটি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি ভিত্তিতে ভাঙণ রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত