যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন নেতানিয়াহু, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
  • ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের হাতে বলছেন তিনি 
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনায় সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার তেল আবিবে এমন দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে।

ব্লিংকেন আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। বৈঠকে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ থাকবে না।

ব্লিংকেন বলেন, 'ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে।'

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বন্দিদের ঘরে ফেরানো এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে নেতানিয়াহু জানিয়েছেন, ‘তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক কার্যকর হয়েছে। এই সময় কেউ যেন এমন কোনো কাজ না করে, যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায়।‘

যুদ্ধবিরতি কার্যকরে শুরু থেকেই মধ্যস্থতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। আর তাই কাতারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা করতে ইসরায়েল থেকে কাতারে যাবেন ব্লিংকেন। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তিনি।

এই সপ্তাহের শেষদিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ১০ মাসে এই নিয়ে নয়বার মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত