বিমানবন্দরে কাঁচি খুঁজে না পাওয়ায় ৩৬টি ফ্লাইট বাতিল

  • জাপানের বিমানবন্দরে কাঁচি খুঁজে না পাওয়ায় বাতিল করা হয় ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইট
  • সময় পরিবর্তন করা হয় ২০১টি ফ্লাইটের, ভোগান্তিতে পড়তে হয় হাজারো যাত্রীকে
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

বিমানবন্দরের বোর্ডিং গেটে থাকা দুটো কাঁচি খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তাই বাতিল করা হয় ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইট। সময় পরিবর্তন করা হয় ২০১টি ফ্লাইটের। এতে করে ভোগান্তিতে পড়তে হয় হাজারো যাত্রীকে। 

গত শনিবার এমনটাই ঘটেছে জাপানের হোক্কাইদো নিউ ছিতোস বিমানবন্দরে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার হোক্কাইদো নিউ ছিতোস বিমানবন্দরের বোর্ডিং গেটে দুটো কাঁচি খুঁজে পাওয়া যাচ্ছিল না। যার কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নিরাপত্তা চেকিং প্রায় দুই ঘন্টার জন্য স্থগিত করা হয়। ফলে শত শত যাত্রী সাময়িকভাবে আটকা পড়ে যান।

অনেক খোঁজাখুঁজি করেও শনিবার কাঁচিগুলো খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তবে পরদিন রোববার ওই একই স্টোরে একজন কর্মী খুঁজে পান কাঁচি দুটো। কিন্তু কাঁচি না পাওয়া পর্যন্ত শনিবার থেকে বাতিল করতে হয় ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইট। আর দেরি হয় ২০১টি ফ্লাইটের সময়সূচি।

তবে সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এতো দেরিতে জানানোর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, খুঁজে পাওয়া দুটো কাঁচি ওই দুটোই কিনা তা নিশ্চিত করতে সময় লেগেছে। 

কর্তৃপক্ষ জানায়, "আমরা স্বীকার করি যে অপর্যাপ্ত স্টোরেজ এবং ম্যানেজমেন্ট সিস্টেমের ফলে এটি ঘটেছে। তবে হাইজ্যাকিং বা সন্ত্রাসবাদের ঘটনা এড়াতে আমরা সচেতন।

এ ঘটনায় তদন্ত করতে হোক্কাইদো নিউ ছিতোস বিমানবন্দরের কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে দেশটির ভূমি, পরিকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত