বন্যাকবলিত এলাকার পাউবো কর্মকর্তা -কর্মচারীদের ছুটি বাতিল

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:৪৪ এএম

দেশের বন্যাকবলিত জেলাগুলোর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) পাউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পাউবোয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮ মুঠোফোন নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা [email protected] এবং [email protected]

এছাড়াও নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত