কঙ্গোয় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৪৬ পিএম

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মাই এনদোম্বে প্রদেশের এক নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কুতু অঞ্চলের প্রশাসক জ্যাকুয়েস জেনজা রয়টার্সকে বলেন, ‘নৌকাটিতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন যাত্রী ছিলেন, পানির নিচে ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়।’

ওই অঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধি নেতা ফিদেলে লিজোরিঙ্গো বলেন, ‘অতিরিক্ত যাত্রী উঠানোই দুর্ঘটনাটির মূল কারণ। ধাক্কা লাগার পর আতঙ্কিত যাত্রীরা একপাশে সরে গেলে কাত হয়ে নৌকাটি উল্টে যায়।’

মধ্য আফ্রিকার এই দেশটিতে নদী পথে যাতায়াত এবং নৌ-দুর্ঘটনায় প্রাণহানি একটি সাধারণ ঘটনা। ঘন বনে আচ্ছাদিত দেশটিতে সড়ক অবকাঠামো বিস্তৃত ও ভালো না হওয়ায় বহু মানুষ নৌপথে যাতায়াত করে আর নৌযানগুলি প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত