বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান মাশরাফী-মুশফিক-লিটনের

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৫:০৫ পিএম

অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, উদ্ধারকাজ চালাতেও রীতিমতো বেগ পেতে হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও এর বাইরে নন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে থাকা মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যায় আমার দেশের মানুষের কষ্ট দেখে গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি সাহায্য করতে, যাতে বিপর্যস্ত মানুষদের সহায়তা করতে পারি। আমাদের নিজেদের মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি।’

পাকিস্তানে থাকা আরেক ক্রিকেটার লিটন কুমার দাস লিখেছেন, ‘এই মুহূর্তে খেলার কারণে পাকিস্তানে আছি, তবে মন পড়ে আছে বাংলাদেশে। দেশের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এই কঠিন সময়ে সকলের সহযোগিতা কাম্য। আমি আমার মত করে চেষ্টা করছি। আপনাদের সবাইকে সামর্থ্য থাকলে বন্যাকবলিত মানুষের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত