বন্যা

মজুদ আছে পর্যাপ্ত ঔষধ, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০:৫৭ এএম

দেশের বন্যাকবলিত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এ্যান্টি-ভ্যানামসহ অন্যান্য জরুরী ঔষধ মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহষ্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসময় বন্যাকবলিতে এলাকার সকল স্বাস্থ্য কর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দুই বিভাগে ৪০টি উপজেলার ২৬০টি ইউনিয়ন আক্রান্ত হয়। এসকল এলাকায় ১১৯৬টি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণকে অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি অবনতির ক্ষেত্রে অগ্রীম প্রস্তুতি গ্রহণ করারও নির্দেশনা দেয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার মাধ্যমে দেশের সকল স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে। কট্রোল রুমে যোগাযোগের নাম্বার- ০১৭৫৯১১৪৪৮৮।

এছাড়াও সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়েও সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু আছে। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতির সার্বিক কর্মকান্ড তদারকি ও সমন্বয় করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত