কোটি টাকার অনুদান নিয়ে বন্যা দুর্গতদের পাশে বিসিবি

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম

দেশের মারাত্মক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিসিবি কার্যালয়ে নতুন সভাপতি ফারুক আহমেদ এ ঘোষণা দেন।

বাংলাদেশ সেনাবাহিনীরর তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৩ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে বিসিবি। এ প্যাকেটের মধ্যে শুকনো খাবার, পানি, দেয়াশলাই, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং ওষুধ থাকবে।

এছাড়াও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিসিবি থেকে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, ‘এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’

দেশের অন্তত ১৩টি জেলা ভয়াবহ এ বন্যায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত