যুদ্ধ এখন রাশিয়ায় ফিরেছে: জেলেনস্কি

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম

রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে গিয়ে যুদ্ধ এখন রাশিয়ায় ফিরেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৪ আগস্ট)  ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে সক্ষমতার জানান দিচ্ছে।  গত ১০ দিনের বেশি সময় ধরে রুশ ভূখণ্ডে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এরই মধ্যে এক হাজার বর্গকিলোমিটার এলাকা ও ৮০টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সৈন্যরা।

 

ইউক্রেন ১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে স্বাধীনতা ঘোষণা করে। যুদ্ধকালীন সময়ে ইউক্রেন ৩৩ তম স্বাধীনতা দিবস পালন করছে। স্বাধীনতা দিবসে সব ধরনের জনাসমাগম নিষিদ্ধ করেছে ইউক্রেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন আগ্রাসী ও সেকেলে মানুষ হিসেবে অভিহিত করেন এবং যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান ভ্যান ডার লিয়েন বলেন, ‘ইউরোপ সবসময় ইউক্রেনের পক্ষে থাকবে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপ সবকিছু করবে। ইউক্রেন শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে।’

 

 

 

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত