সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

  • রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনা-গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা রয়েছে
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৭ এএম

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

ডিএমপি সূত্রে এই তথ্য জানা গেছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে। বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাকে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার (২১ আগস্ট) খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত