নাঈম ৯ সৌম্য ৫ হৃদয় ১৩, 'এ' দলের বড় হার

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম

লম্বা সংস্করণের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাওহীদ হৃদয়ের অধিনায়কত্বে খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’। তবে ইসলামাবাদে অধিনায়কত্বের অভিষেকটি মনের মতো হয়নি হৃদয়ের। ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছে শাহিনসের কাছে।

এদিন টসে হার দিয়ে শুরু করেন হৃদয়। আমন্ত্রণ পেয়ে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নাঈম শেখ ও সৌম্য সরকারের শুরুটাও হয় মন্দ। ৩০ রানে দুই ওপেনারকে হারানোর পর ইনিংসের হাল ধরেন সাইফ হাসান। আগের চার দিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফের ব্যাটেই আসে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান। হৃদয় ফিরে যান মাত্র ১৩ রানেই।

১১৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর অষ্টম উইকেটে রিশাদ হোসেনের ব্যাটে আসে ৪০ রানের ইনিংস। তাতে দেড়শ পেরিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রানের। শাহিনসের আব্বাস আফ্রিদি ধরেন ৫ শিকার। দুটি করে উইকেট পান মেহরান মুমতাজ ও জাহানদাদ খান।

স্বল্প টার্গেটে নামা শাহিনসের বিপক্ষে আটজন বোলার ব্যবহার করেও দুটির বেশি উইকেট পায়নি বাংলাদেশ। উসমান খান খেলেন ৭৫ বলে ৮৭ রানের ইনিংস। তার সঙ্গে হাসিবুল্লাহ অপরাজিত থাকেন ৭৩ রানে। ২৭.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শাহিনস। শেখ মেহেদি ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট পান। ম্যাচসেরা হন আব্বাস আফ্রিদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত