ফুটবলের দেশ স্পেনের ক্রিকেটে বিশ্ব রেকর্ড

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম

ফুটবল বিশ্বের শক্তিশালী দলগুলোর একটি স্পেন। পুরুষ ফুটবলে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন তারা। নারী ফুটবলে তো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবার স্প্যানিশরা চমক দেখালো ক্রিকেটে। টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছে স্পেন।

ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিটি এখন স্পেনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে রবিবার স্পেন ৭ উইকেটে হারায় গ্রিসকে। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ম্যাচ জিতল তারা। গ্রিসের করা ৯ উইকেটে ৯৬ রান স্পেন ৯৯/৩ টপকে গেছে ১৩ ওভারেই।

গ্রিসের বিপক্ষে এই জয়ে মালয়েশিয়াকে পেছনে ফেলে রেকর্ডটি নিজেদের করে নিল স্পেন। ২০২২ সালে টানা ১৩টি ম্যাচ জিতেছিল মালয়েশিয়া।

স্প্যানিশদের রেকর্ড গড়ার পথচলা শুরু হয় গত ফেব্রুয়ারিতে। এই সময়ে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ জয় তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২ ম্যাচ জিতেছে আফগানিস্তান ও ভারত। তাদের মতো ১২ ম্যাচ জেতার কীর্তি আছে রোমানিয়াও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত