পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু ইসরায়েলের, নিহত ১১

  • অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী
  • প্রথমবারের মত একসাথে বেশ কয়েকটি ফিলিস্তিনি শহরে অভিযান চালাচ্ছে দেশটি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।

নিহতদের মধ্যে আল-ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় পাঁচজন এবং জেনিনে ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি।

অভিযানটিকে বেশ বড় এবং ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী একই সময়ে অন্তত চারটি ফিলিস্তিনি শহর জেনিন, তুলকারম, নাবলুস এবং তুবাসকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা জেনিন এবং তুলকারমে সন্ত্রাসকে ব্যর্থ করার জন্য একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে।

২০০০-২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনি অভ্যুত্থান, দ্বিতীয় ইন্তিফাদার পর প্রথমবারের মত একসাথে বেশ কয়েকটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জেনিন শহরের শরণার্থী শিবিরে সশস্ত্র সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান সড়কগুলো। এছাড়া ভোরবেলা জেনিনের কাছের একটি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।

এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিনের একটি হাসপাতালে অভিযানের উদ্দেশ্যে প্রবেশ করেছে এবং তুলকারমে দুজনকে অবরুদ্ধ করে রেখেছে বলে জানা গেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার রাত থেকে জেনিন এবং তুলকারম শরণার্থী শিবিরে ইরান সমর্থিত সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলার জন্য পূর্ণ শক্তির সাথে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত